Buy ইতিহাসের স্বপ্নভঙ্গ Online in Bangladesh
লেখক: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 8170669405
- Number Of Pages: 116
- Language: বাংলা
- Edition: 10th Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
'ইতিহাসের স্বপ্নভঙ্গ' বইয়ের ফ্লাপের লেখা ৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে - ভাঙা হল বার্লিনের প্রাচীর, এক হল দুই জার্মানি। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে উন্মাদনাময় মিলনােৎসবের প্রত্যক্ষ সাক্ষী রূপে এক বন্ধুকে নিয়ে উপস্থিত ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় । আরও দু-চারজন বন্ধুকে সঙ্গী করে সেখান থেকে তিনি যান হাঙ্গেরি, রুমানিয়া এবং পােল্যান্ডে । প্রায় বিনা যুদ্ধে, কোনও সাম্রাজ্যের পতনের মতন, পূর্ব ইউরােপের যেসব দেশে ঘটে গেছে বিস্ময়কর পালাবদল, এই দেশগুলিও তাদের অন্যতম। সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করে। সেখানকার মানুষ ফিরতে চাইতেন গণতন্ত্রে । অথচ মানুষের সভ্যতার যে-অগ্রগতি তাতে গােষ্ঠিতন্ত্র, রাজতন্ত্র, সামন্ততন্ত্র, ধনতন্ত্র এবং গণতন্ত্র পার হয়ে সমাজতন্ত্রের দিকেই ইতিহাসের স্বাভাবিক পদক্ষেপ। তবু এইসব দেশে সমাজতন্ত্র ব্যর্থ হল কেন ? এই বিস্ময় এবং প্রশ্ন নিয়েই প্রতিটি দেশ ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মিশেছেন স্থানীয় মানুষদের সঙ্গে, জেনেছেন তাঁদের মতামত। সেই প্রত্যক্ষ দর্শন ও অভিজ্ঞতারই পরিচয় এই দুরন্ত কৌতূহলকর গ্রন্থে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
নিজেদের আভিজাত্য আর শ্রেষ্ঠত্ব জাহির করার লড়াইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা হেরে গেলে মিত্রশক্তি জার্মানিকে ভাগ করে নিল শাসন ও শোষনের জন্য। সদ্য শেষ হওয়া যুদ্ধে শত্রুদের পরাস্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্র হলেও যুদ্ধ শেষে তারা কেউই আর এক পথে হাঁটতে পারলো না।বরং জার্মানিকে কেন্দ্র করে ভিন্ন দুইটি চিন্তাধারায় শুরু হয়ে গেলো আরেক স্নায়ু যুদ্ধ। সে যুদ্ধে পশ্চিম জার্মানি সম্পদের ব্যক্তি মালিকানা, মুনাফা লাভের তীব্র আকাঙ্ক্ষা এবং ব্যক্তি স্বাধীনতাকে সামনে রেখে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ও পুঁজিবাদী অর্থনতিক ব্যবস্থার ঝান্ডা উড়িয়ে হাঁটতে শুরু করলো পশ্চিমের তথা আমেরিকার হাত ধরে।অন্যদিকে পূর্ব জার্মানিতে চিন্তার বিকাশ ঘটলো সমাজকে কেন্দ্র করে। কলকারখানা হলো রাষ্ট্রের। কৃষি জমি হলো সমবায়ের। অর্থাৎ পূর্ব জার্মানি উৎপাদন ব্যবস্থার নাটাই রাষ্ট্রের হাতে দিয়ে পথ ধরলো সোভিয়েত ইউনিয়নের। আদর্শের বিভাজন ক্রমেই এতোই তীব্র হলো যে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি কোনো সম্পর্কই রাখতে চাইলো না পশ্চিমের সাথে। ইট পাথর দিয়ে তৈরি করলো বার্লিন প্রাচীর। পাহারায় বসানো হলো সেনা আর হিংস্র কুকুর । গুটিকয়েক রাজনৈতিক নেতা কি নির্মমতায় ভাগ করে দিলো একই ভাষা, সংস্কৃতি এবং মাটির সন্তানদের। যারা কয়দিন আগেও যুদ্ধ করেছিলো একই বাংকারে থেকে, ভাগ করে খেয়েছিলো রুটি।এ কি যেই সেই যন্ত্রণা? ইতিহাসের পরিক্রমায় যাদের এইভাবে নিজেদের ভাইদের থেকে আলাদা হতে হয়েছে তারাই শুধু বুঝে এই যন্ত্রণা । পূর্বজার্মানি একেবারে যে খারাপ চলছিলো তা না বরং পূর্ব জার্মানির অর্থনৈতিক অবস্থা আশেপাশের অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর তুলনায় ভালো ছিল।কিন্তু পশ্চিমের তুলনায় সে সমৃদ্ধি যে একেবারেই হালকা! বস্তুত হাঙ্গেরির সমাজতান্ত্রিক সরকারের পতন পূর্ব জার্মানির রাজনৈতিক ধারার পরিবর্তনের পালে হাওয়া লাগিয়েছিল। শুধুমাত্র হাঙ্গেরি নয়,বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ডসহ বেশ কয়েকটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে নিত্য পণ্যের অভাব, অব্যবস্থাপনা এবং শাসকদের যেকোনোভাবে ক্ষমতায় আটকে থাকার তীব্র বাসনা সমাজতন্ত্রের প্রতি মানুষকে অসহিষ্ণু করে তুলেছিলো। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির বার্তা নিয়ে আসা সমাজতন্ত্র উক্ত দেশগুলোর মানুষের গলার ফাঁসে পরিণত হয়েছিল। পূর্ব জার্মানিতে যে বার্লিন দেওয়াল তৈরি হয়েছিলো বুর্জোয়া শাসকদের রুখে দিয়ে শ্রমিক রাজ কায়েমের উদ্দেশ্যে,সে বার্লিন দেওয়াল ভেঙে শ্রমিকরাই অভিবাদন জানালো পশ্চিমের ধনতন্ত্র এবং গণতন্ত্রকে।সেই সাথে মানব সভ্যতার সাধারণ অগ্রগতিতে গোষ্ঠীতন্ত্র, রাজতন্ত্র, সামন্ততন্ত্র, ধনতন্ত্র এবং গণতন্ত্রের পরে সমাজতন্ত্রের যে ধারা তাও বুঝি উল্টো বাঁক নিলো!

সমাজতন্ত্রের পতনের ইতিহাস লেখক খুব সুন্দর করে তুলে ধরেছেন। সকল রাজনীতিসচেতন লোকের এই বইটি পড়া উচিত। প্রত্যেকটি আদর্শের ভালো এবং কিছু মন্দ দিক থাকে। অভিজ্ঞতার মাধ্যমে তা উপলব্ধি করা উচিত। বামপন্থীরা যারা আছেন তারা উপলব্ধি করবেন বলে মনে করি।
ঐতিহাসিক কাহিনির টানাপোড়নে এক হারানো সময়ের গল্পঃ ইতিহাসের স্বপ্নভঙ্গ সমাজতন্ত্র নাকি গণতন্ত্র এই নিয়ে মানুষের মাঝে সবসময় এক ধোঁয়াশা রয়ে গেছে। বিশেষ করে প্রগতিশীল মধ্যবিত্ত জনগোষ্ঠীর মাঝে সমাজতন্ত্র নাকি গণতন্ত্র এই প্রশ্নের উত্তর মরীচিকার মতো। বৃহত্তর গণতন্ত্রে বাস করে সমাজতন্ত্রকে যেমন সোনার হরিণ মনে হয় তেমনি সমাজতন্ত্রের সময়ে বসবাসকারী জনগোষ্ঠীর কাছে গণতন্ত্রে প্রবেশ করা ছিল বিশাল কোন পাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রের কর্তৃত্ব নিয়েছিলো সমাজতান্ত্রিক সোভিয়েত সরকার এবং ধনতন্ত্রে বিশ্বাসি আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন যে সব দেশের কর্তৃত্ব নিয়েছিলো স্বাভাবিকভাবেই সে সব দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিলো সমাজতন্ত্র। পূর্ব জার্মানি, হাঙ্গেরি, রোমানিয়া এবং পোল্যান্ড এর মধ্যে উল্লেখযোগ্য। পালাবদলের ইতিহাসে এই সমাজতন্ত্র ভেঙে আবার তারা গড়ে তুলেছিলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু কেন? সমাজতান্ত্রের সমস্যা গুলো কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে লেখক চষে বেড়িয়েছেন গোটা ইউরোপ। জার্মানির অলি গলি ঘুরে বেড়িয়েছেন অার সংগ্রহ করেছেন নানা তথ্য। বুদাপেস্ট, বুখারেস্ট, ওয়ারশ, মস্কো, লেলিনগ্রাদ সহ নানা শহর ঘুরে খুঁজেছেন কেন গণতন্ত্রে ফিরে অাসা এই প্রশ্নের উত্তর। শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে অন্য অনেকের সাথে মত বিনিময় করেছেন। কমিউনিজমের পতনের কারণ খুঁজেছেন। নিজের চোখে অবলোকন করেছেন সমাজতান্ত্রিক দেশের অবস্থা। লেখল সুনীল গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা লব্ধ সেই সব জ্ঞানই স্থান পেয়েছে ইতিহাসের স্বপ্নভঙ্গ বইয়ের পাতায়। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করা যাক---- বার্লিন প্রাচীরের একপাশে সমাজতন্ত্র অন্যপাশে গণতন্ত্র। এই দেয়াল ঘেসে পূর্ব ও পশ্চিমের দুটো বাড়ি একেবারে মুখোমুখি। দুই বাড়িতেই থাকে একটা করে বাচ্চা মেয়ে। তারা জানালা দিয়ে পরস্পরের সাথে কথা বলে। একদিন পশ্চিমের মেয়েটি একটি ইলেকট্রনিক খেলনা দেখিয়ে বলল, তোদের এটা আছে? পূর্বের মেয়েটি একটা সুন্দর পুতুল দেখিয়ে বলল, ওটা না থাকলে কী হয় আমাদের সুন্দর পুতুল আছে। পশ্চিমের মেয়েটি একজোড়া নতুন জুতো দেখিয়ে বলল, তোর আছে? পূর্বের মেয়েটি একটা কারুকার্য করা লেসের স্কার্ফ দেখিয়ে বলল, এটা নেই কিন্তু এটা অাছে। তোর এটা আছে? এইভাবে দুটো মেয়েই নানারকম জিনিস তুলে তুলে দেখাতে লাগল। একসময় পশ্চিমের মেয়েটি একটা পাকা কলা দেখিয়ে বলল, তোর কলা আছে? পূর্বের মেয়েটি কখনো কলা চোখেই দেখেনি। কলার বদলে অন্য কোনো ফলও দেখাবার মতো নেই বাড়িতে। সে তখন কাঁদো কাঁদো হয়ে মাকে জিজ্ঞেস করল, মা, আমাদের কলা নেই কেন? মা বললেন, আমাদের কলা নেই তাতে কী হয়েছে, আমাদের কমিউনিজম আছে। পূর্বের মেয়েটি তখন পশ্চিমের মেয়েটিকে বলল তাদের কলা নেই কিন্তু কমিউনিজম অাছে। সে কথা জানাতেই পশ্চিমি মেয়েটি একটু দমে গেল। কমিউনিজম কী তা সে জানে না, বাড়িতে তার বাবা-মা কেউ নেই তখন, জিজ্ঞেসও করতে পারছে না। কিন্তু সে পশ্চিমি কনজিউমার সোসাইটির মেয়ে তো, সে জানে, পয়সা থাকলে সব কিছুই কেনা যায়। সে তখন বলল, ঠিক আছে বাবাকে বলব, আমার জন্য কমিউনিজম কিনে দেবে। তখন পূর্বের মেয়েটির মা বলল, তুমি যদি কমিউনিজম কেনো, তাহলে কিন্তু আর কোন দিন কলা পাবে না। নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য দীর্ঘ লাইনের সারি চিন্তা করলেই ভাবনা থমকে যায়। হ্যা!যদি শুনেন সমাজতন্ত্রের সময়ে সামান্য সবজি কিংবা মাংস, দুধের জন্য সকাল থেকে বিশাল লাইন পড়ে যেত এমনকি গভীর রাত থেকে চলতো সামান্য দুধের জন্য দীর্ঘ লাইন তবে কি সত্যিই অবাক হবেন? বিভিন্ন জিনিসের জন্য দীর্ঘ লাইনের সারি নিয়ে অারেকটা গল্প বলা যাক--- একবার একজন মহিলার ভিষণ অসুক হলো। কোনভাবে কেও সারাতে পারছে না। শেষমেশ এক ডাক্তারের চিকিৎসায় মহিলা ভাল হয়ে উঠলেন। দেশে সমাজতন্ত্র চলছে। সুতরাং ডাক্তারের কাজ সেবা দেওয়া এক্সট্রা খাতিরের বালায় নেই। কিন্তু মহিলা ডাক্তারকে কিছু দিতে চাইলেন। ডাক্তার তখন মহিলাকে বললেন অাপনি যদি সত্যিই কিছু দিতে চান তবে অামাকে একটি রাত দিন। ছি!ছি! এ কি কু প্রস্তাব! মহিলাটি তার স্বামীকে বললেন সে কথা। স্বামী বললেন সে তার জীবন ফিরিয়ে দিয়েছে তার বদলে একটি রাত এমন কিছু না। স্বামী বললেন, তার কোন সমস্যা নেই। মহিলা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার মহিলাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেলেন। এক পত্রিকা, ম্যাগাজিনের দোকানের সামনে নিয়ে বসিয়ে রাখলেন। বললেন দোকান খোলা মাত্র পত্রিকা এবং ম্যাগাজিন নিয়ে তাকে যেন পৌঁছে দেওয়া হয়। সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য এমন ঘটনা ঘটতো তৎকালীন সমাজতান্ত্রিক সমাজে। এই যে অামরা এখন মন খুলে কথা বলতে পারছি, যা ইচ্ছে তা নিয়ে অালোচনা করতে পারছি তৎকালীন সময়ে কিন্তু এমন কল্পনাও করা যেত না। স্বাধীন ভাবে প্রাণ খুলে কথা বলতে পারার কথা তারা চিন্তাও করতে পারতো না তখনকার মনুষ। এমনকি দেশের প্রতিটি মানুষের পিছনে তারা স্পাই লাগিয়ে রেখেছিল। কেও দেশ বিরোধী কথা বললে, অালোচনা করলে সাথে সাথে শাস্তি দেওয়া হবে। এ নিয়েও অারেকটি গল্প বলা যাক---- স্কুল থেকে ছাত্র ছাত্রীদের বলা হল বাড়িতে কি বিষয় নিয়ে কথা হয় তা স্কুলে এসে জানাতে হবে। পরিবারের লোক কি নিয়ে কথা বলে, বাবা মা রাষ্ট্রের বিরুদ্ধে কোন কথা বলে কিনা সব বিষয়ের কথা যেন স্কুলে জানায়। যদি কেও রাষ্ট্রের বিরুদ্ধে কোন কথা বলে তবে তাকে গ্রেফতার করা হবে। সামান্য স্কুলগামী ছেলে মেয়েদের স্পাই হিসাবে ব্যবহার করা হত সমাজতান্ত্রিক রাষ্ট্রে। এতশত ঘটনার পরেও যদি কখনো কাওকে প্রশ্ন করা হতো অাপনি সমাজতন্ত্র থাকুক এটা চান নাকি গণতন্ত্র তবে অকপটে সবাই বলতো সমাজতন্ত্র? এত অর্থ কষ্ট, নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব তারপরেও মানুষ কেন সমাজতন্ত্র চাইতো তার সহজ উত্তর হল মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা ছিল। এক কথায় সবার জন্য মৌলিক অধিকার ছিল এবং তাদের জীবনের অনিশ্চয়তা ছিলো না। বইটির একটি গুরুত্বপূর্ণ অংশ সোভিয়েত ইউনিয়ন! একসময় এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়েকটি নতুন দেশের জন্ম হয়! সোভিয়েত ইউনিয়নের এই উথান-পতন এবং ভেঙে যাওয়ার গল্প লেখক বর্ননা করেছেন সুনিপুণ হাতে! লেখক মূলত কয়েকটি দেশের সমাজতান্ত্রিক অবস্থা এবং সে সব দেশের জনগণের সাথে ঘুরে তাদের নিকট জানতে চেয়েছেন সমাজতন্ত্রের উপর তাদের অনাস্থার কারণ কি? ঐসব দেশের কিছু লোকেরা তখনও সমাজতন্ত্র পছন্দ করত, কিন্তু তারা সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছিলো, বাক স্বাধীনতা থেকে শুরু করে জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ ছিলো সরকার!আরো অনেক কারণ আছে, পেছনে অনেক ইতিহাস অাছে, আর এই ইতিহাস-রাজনীতির খেলা জানতে হলে পড়তে হবে সুনীলের ইতিহাসের স্বপ্নভঙ্গ। ইতিহাস নিয়ে যাদের একটু অাগ্রহ অাছে তাদের সবার অাগ্রহ থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির বিভক্তি সম্পর্কে। পূর্ব ও পশ্চিম জার্মানির বিভক্তিসূচক সেই বার্লিন প্রাচীর এখনও নীরবে-সরবে আলোচিত হয়ে থাকে। ১৯৮৯ সালে এই প্রাচীর ভাঙ্গার ঐতিহাসিক মুহূর্তে লেখক সুনীল গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে। সেই ঐতিহাসিক কাহিনির টানাপোড়েনে শব্দের মায়াজালে খেলা করেছেন লেখক। অবশ্য এসব মনগড়া কোন গল্প নয়। লেখকের নিজের চোখে দেখা ইতিহাস। বইঃ ইতিহাসের স্বপ্নভঙ্গ লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায় প্রকাশনীঃ অানন্দ পাবলিশার্স মূল্যঃ দুইশত সত্তর টাকা























